শীর্ষ সংবাদ

কুষ্টিয়ায় গড়াই নদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ

✍️
আমার দেশ
📖 ১ মিনিট পড়ার সময় 👁️ ৫ বার পঠিত
শেয়ার: Facebook WhatsApp X
কুষ্টিয়ায় গড়াই নদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ
কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর ঘোড়াইঘাটে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার হরিপুর ব্রিজ এলাকা থেকে এই প্রতিযোগিতার সূচনা হয়।উদ্বোধনী দিনে কুষ্টিয়া...

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর ঘোড়াইঘাটে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার হরিপুর ব্রিজ এলাকা থেকে এই প্রতিযোগিতার সূচনা হয়।

উদ্বোধনী দিনে কুষ্টিয়া ছাড়াও দেশের বিভিন্ন জেলার মোট সাতটি দল প্রতিযোগিতায় অংশ নেয়। হরিপুর ব্রিজ ও নদীর দুই পাড়ের দুই কিলোমিটার এলাকাজুড়ে দাঁড়িয়ে শত শত মানুষ এই প্রতিযোগিতা উপভোগ করেন।

কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা আগামী রোববার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

এই প্রতিযোগিতায় বিজয়ী প্রথম চারটি দল পুরস্কার হিসেবে তিনটি মোটরসাইকেল ও একটি ফ্রিজ পাবে। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি দলকে সান্ত্বনা পুরস্কারস্বরূপ একটি করে টেলিভিশন দেওয়া হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে মাদকসহ নানা নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতেই গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে ২০২২ সালে এই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর এমন আয়োজনের ফলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে একটি গ্রামীণ মেলা বসেছে। প্রতিযোগিতায় অংশ নিতে পেরে মাঝি ও মাল্লারাও আনন্দ প্রকাশ করেছেন।

শুক্রবার দুপুর ১২টায় আয়োজক কমিটির সভাপতি ও কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেন ইউনুসের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। এছাড়া কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।