শীর্ষ সংবাদ

আসিয়ান কাপের জন্য দল ঘোষণা, স্কোয়াডে যোগ হলেন নতুন তিন প্রবাসী ফুটবলার

✍️
আমার দেশ
📖 ১ মিনিট পড়ার সময় 👁️ ৫ বার পঠিত
শেয়ার: Facebook WhatsApp X
আসিয়ান কাপের জন্য দল ঘোষণা, স্কোয়াডে যোগ হলেন নতুন তিন প্রবাসী ফুটবলার
আসন্ন ফিফা আসিয়ান কাপ সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। ঘোষিত এই দলে নতুন করে সুযোগ পেয়েছেন তিন প্রবাসী ফুটবলার।নতুন যোগ হওয়া তিন প্রবাসীর ম...

আসন্ন ফিফা আসিয়ান কাপ সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। ঘোষিত এই দলে নতুন করে সুযোগ পেয়েছেন তিন প্রবাসী ফুটবলার।

নতুন যোগ হওয়া তিন প্রবাসীর মধ্যে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে খেলছেন ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ ও মিডফিল্ডার জিদান ইউসুফ। এছাড়া জাপানের ক্লাবে খেলা মিডফিল্ডার শুকি ইতোফুসাও জায়গা পেয়েছেন চূড়ান্ত স্কোয়াডে।

ইংলিশ ক্লাব ফুলহামের অনূর্ধ্ব-২১ দল থেকে ধারে বর্তমানে বোরেহাম উড ক্লাবে খেলা ফারহান আলীর গোল করার সহজাত ক্ষমতার প্রশংসা করেছেন কোচ থমাস ডুলি। দলের আক্রমণভাগে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। ইন্দোনেশিয়ায় গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে সরাসরি যোগ দেওয়ার কথা রয়েছে ফারহানের।

নতুন এই তিনজনকে নিয়ে বর্তমান বাংলাদেশ দলে প্রবাসী ফুটবলারের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৯ জনে। আগামী ২৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হবে ফিফা আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচগুলো।

টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। উদ্বোধনী দিনেই মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের পাশাপাশি অতিথি দেশ হিসেবে বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাকিস্তান ও হংকং। মোট ১৪টি দেশ দুটি বিভাগে ভাগ হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এর মধ্যে প্রিমিয়ার ডিভিশনে খেলবে আটটি দল।

আসন্ন টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াডের ফুটবলারদের তালিকায় গোলরক্ষক হিসেবে রয়েছেন মিতুল মারমা, মো. সুজন হোসেন ও মো. মেহেদী হাসান শ্রাবণ।

রক্ষণভাগে রাখা হয়েছে জিদান অ্যালেক্সান্ডার ইউসুফ, তপু বর্মন, মো. শাকিল আহাদ তপু, মো. সাদ উদ্দিন, মো. রহমত মিয়া, তারিক রায়হান কাজী ও জায়ান আহমেদকে। মাঝমাঠের দায়িত্বে থাকছেন এসএম মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, অপর সোহেল রানা, মো. হৃদয়, মো. মিনহাজুল করিম স্বাধীন, হামজা চৌধুরী ও শমিত শোম। এছাড়া আক্রমণভাগে ফাহামেদুল ইসলাম, শেখ মোরসালিন, রকিব হোসেনের সঙ্গে নতুন দুই মুখ ফারহান আলী ওয়াহিদ ও শুকি ইতোফুসা জায়গা পেয়েছেন।